ডিজিটাল বাংলাদেশ, ইন্ডাস্ট্রি ৪.০ এবং কোভিড ১৯ এই তিনটি বিল্ডিং ব্লক হাতে হাত ধরে এগিয়েছে। আর এটা সম্ভব হয়েছে ২০০৯ সালে আইসিটি নীতিমালায় ৩০৬টি করণীয় বাস্তবায়নের ফলেই। শিক্ষা, স্বাস্থ্য এবং কোভিড ১৯ সময়ে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে ডিজিটাল কোর্ট রুম প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। করোনার সাড়ে ৬ মাসে এই পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা নয়। এটি দীর্ঘ ১১ বছরের সুপরিকল্পিত নেতৃত্ব ও সঠিক বাস্তবায়নের ফসল। আর এই পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত সামনে থেকে সরাসরি নেতৃত্ব দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে “দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের আইটি পেশাজীবীদের বিশ্বমানের প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী কোভিড-১৯ মহামারির সময়ে আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প ও আইবিএ যৌথভাবে এসিএমপি ৪.০ কোর্স চলমান রেখে ২০৭ জনের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে ম্যানেজার পর্যায়ের লোক এনে ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়। অথচ এসব কাজে দেশেই প্রশিক্ষণ দিয়ে এই পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব।
পলক বলেন, একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ, বিদেশী বিনিয়োগ আনায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শীর্ষ এবং মধ্যম স্তরের কর্মকর্তারা। এসব কর্মকর্তাদের জন্য যদি বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তারা নিজ প্রতিষ্ঠানের ব্যবসার প্রসার ঘটানোর পাশাপাশি দেশে তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশ ঘটাবে। এমনি চিন্তা থেকেই এসিএমপি ৪.০ কোর্স চাল করা হয় বলে তিনি জানান।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. ফারহাত আনোয়ারের সভাপতিত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এ এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, অগমেডিক্স সিইও রাশেদ নোমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এবং প্রশিক্ষণ সমন্বয়ক শাকিলা ইয়াসমিন।
অনুষ্ঠানে আইবিএ’র অধ্যাপক শেখ মোর্শেদ জাহান আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় ঢাবির আইবিএতে চালু হওয়া এসিএমপি বা মিডল ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে (এমএমটি) গত ৪টি ব্যাচে প্রশিক্ষণার্থীদের সংখ্যা ও পরিসংখ্যান তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
এতে দেখানো হয়, এলআইসিটি প্রকল্পের আওতায় ২০১৭ সালে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে তিন মাস ব্যাপী এসিএমপি ৪.০ কোর্স চালু করা হয়। এ প্রশিক্ষণ কোর্সে এ পর্যন্ত মোট ৮৪৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারি ২০৭ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।